সিলেটটুডে ডেস্ক | ২১ সেপ্টেম্বর, ২০১৭
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্যে দেড় কোটি ডলারের সহায়তা বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি রাজসভার উপদেষ্টা ও বাদশাহ সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউমানিটারিয়ান ওয়ার্কের মহাপরিদর্শক আবদুল্লাহ আল-রাবিহ এক বিবৃতিতে ঘোষণা দেন বলে সৌদি প্রেস এজেন্সি জানায়।
ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদের সদর দপ্তরে ইউএস-আরব রিলেশনসের জাতীয় পরিষদ এবং ইউএস অ্যান্ড গালফ কো-অপারেশন কাউন্সিলের মধ্যে অংশীদারিবিষয়ক সহযোগিতা কমিটির বৈঠকের পর আবদুল্লাহ আল-রাবিহ এ ঘোষণা দেন।
আবদুল্লাহ আল-রাবিহ বলেন, ‘পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে সেন্টার থেকে একটি বিশেষজ্ঞ দল রোহিঙ্গাদের অবস্থা দেখতে বাংলাদেশে যাবে। সেখানে গিয়ে তারা জরুরি ভিত্তিতে রোহিঙ্গাদের এখন কী প্রয়োজন, তা খুঁজে দেখবেন। একই সঙ্গে ত্রাণ, মানবিক সহায়তা ও আশ্রয়ের ক্ষেত্রেও সহায়তা বাড়াবে।
আল-রাবিহ বলেন, বাদশাহের নির্দেশ অনুযায়ী সেন্টার কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। আর কিছু প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।