Sylhet Today 24 PRINT

অর্থ আত্মসাৎ মামলা, পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

অর্থ আত্মসাতের মামলায় রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

গত ৬ এপ্রিল চট্টগ্রামের সদরঘাট থানায় করা তিন কোটি আট লাখ ৫২ হাজার টাকা আত্মসাতের দুটি মামলায় আবুল খায়ের আসামি ছিলেন।

তদন্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, মামলাগুলোর তদন্তের স্বার্থে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হবে।

রাষ্ট্রীয় আরেক তেল বিপণন কোম্পানি যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দুই সপ্তাহ আগে অবসরোত্তর ছুটিতে গেছেন আবুল খায়ের। যে ঘটনায় মামলা হয়েছে, তখন তিনি পদ্মার এমডি ছিলেন।

দুটির বাদী দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক নিজেই অভিযোগের তদন্ত করছেন। আবুল খায়েরসহ মোট সাতজনকে ওই দুই মামলায় আসামি করা হয়েছে।

এর মধ্যে একটি মামলায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অধীনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ‘জেট ফুয়েল হাইড্রেন্ট লাইন’  নির্মাণ প্রকল্পের প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

অন্য মামলাটি করা হয়েছে খুলনার দৌলতপুরে তিনতলা অফিস ভবন নির্মাণ কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে।

তিন কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল খায়েরের সঙ্গে আসামির তালিকায় আরও আছেন জেট ফুয়েল হাইড্রেন্ট লাইন’ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আলী হোসেন এবং ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্সওয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম জামান পাঠান।

অপর মামলার বাকি আসামিরা হলেন- পদ্মা অয়েলের ডিজিএম ও প্রকল্প পরিচালক মো. নুরুল আমিন, প্রকৌশল বিভাগের কর্মকর্তা কে এম আব্দুর রহিম ও উপ-ব্যবস্থাপক সালেহিন আহমেদ আক্কাস এবং ঠিকাদার প্রতিষ্ঠান মো. ইউনুস অ্যান্ড কোং এর মালিক আনিসুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.