Sylhet Today 24 PRINT

রাজধানী থেকে জঙ্গি কমান্ডার জিবরীল গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

ইমাম মেহেদী হাসান ওরফে জিবরীল র‌্যাম্প মডেল থেকে জঙ্গি কমান্ডার হওয়া ইমাম মেহেদী হাসান ওরফে জিবরীল নামে এক জঙ্গিকে আটক করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার (সিও) তুহিন মোহাম্মদ মাসুদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘মেহেদী হাসান দারুল ইহসান ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। বিবিএ সম্পন্ন করার পর কিছুদিন র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেন। ২০১৫ সালে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে যুক্ত হন। এ গ্রুপের দুটি অপারেশন ব্রিগেড রয়েছে।

একটি ‘বদর স্কোয়াড ব্রিগেড' ও অন্যটি 'ব্রিগেড আদ্-দার-ই-কুতনী'। এর মধ্যে মেহেদী 'ব্রিগেড আদ্-দার-ই-কুতনীর' কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ব্রিগেডটি বদর স্কোয়াডের ব্যাকআপ হিসেবে কাজ করতো।’

তিনি আরও বলেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা ও বিভিন্ন জঙ্গি অভিযানে বদর স্কোয়াডের বেশির ভাগ সদস্য নিহত ও আটক হওয়ার পর ব্রিগেডটি দুর্বল হয়ে যায়। পরবর্তীতে ব্যাকআপ ব্রিগেড হিসেবে থাকা 'ব্রিগেড আদ্-দার-ই-কুতনীর' ঢাকা-টাঙ্গাইল-রাজশাহীসহ বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ ও শক্তি সঞ্চয়ের কাজ শুরু করে। মেহেদী এসব সদস্যদের আনুগত্য পরীক্ষার জন্য শপথ (বাইয়াত) পাঠ করাতো। আর এর ভিডিও ধারণ করে তাদের চ্যানেলগুলোতে পাঠাতো।’

র‌্যাবের সিও বলেন, ‘সারোয়ার-তমিম গ্রুপের উচ্চ ও নিম্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মেহেদীর যোগাযোগ ছিল। তার সঙ্গে বাংলাদেশি প্রবাসীদেরও যোগাযোগ ছিল। তার মাধ্যমে অনেক সময় জঙ্গিবাদের অর্থ এসেছে বলে জানতে পেরেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.