সিলেটটুডে ডেস্ক | ২১ সেপ্টেম্বর, ২০১৭
২৫ দিনে মিয়ানমার থেকে ৪ লাখ ২৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মন্ত্রী জানান, এদের মধ্যে মাত্র পাঁচ হাজার ৫৭৫ জন বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরুর পর ২৫ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার লাখ ২৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এদের মধ্যে বুধবার পর্যন্ত নিবন্ধন করা হয়েছে পাঁচ হাজার ৫৭৫ জনকে। সবাইকে নিয়ে তাদের খাদ্য, স্বাস্থ্য ও অন্যান্য সেবা দেওয়া হচ্ছে। সামান্য যে অব্যবস্থাপনা আছে, তা দূর করা হবে।
ত্রাণমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের কেউ না খেয়ে মরবে না। দেশে না ফেরা তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, চট্টগ্রাম থেকে ত্রাণ সামগ্রী গ্রহণ করে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পৌঁছে দিতে সেনাবাহিনী কাজ করছে।
মন্ত্রী বলেন,রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিশ্রুত সহায়তা থেকে এ পর্যন্ত প্রায় ২৫০ মেট্রিক টন চাল এবং ২০ টন আটা সরকারের হাতে এসেছে। এছাড়া বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৫০০ মেট্রিক টন জিআর চাল ও নগদ ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নে চার লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর আগে বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে জাতিগত নির্মূলের নীল-নকশার নির্যাতনে অনুরূপ সংখ্যক রোহিঙ্গা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বছরের পর বছর ধরে বাংলাদেশে বাস করছে।