Sylhet Today 24 PRINT

বিএনপির সঙ্গে কোন রাজনৈতিক সমঝোতা নয় : প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতার কথা নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রস্তাব নিয়ে না আসে। রোহিঙ্গা ইস্যু নিয়ে সব রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য করা যায় কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টা) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানসহ সফর নিয়ে তিনি ব্রিফ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সফলতার সম্পর্কে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস ও হত্যার রাজনীতির সঙ্গে জড়িত আমি তাদের কাছে ফিরে যেতে আগ্রহী নই। তাই বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দেওয়া কারো উচিত হবে না।

শেখ হাসিনা বলেন, যারা হত্যা ও সন্ত্রাসের রাজনীতি, বঙ্গবন্ধুর বর্বরোচিত হত্যাকাণ্ড এবং দেশকে ধ্বংসে বিশ্বাসী তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে না।

তিনি আরো বলেন, যারা আমার বাবা-মাকে হত্যা করেছে তাদের সঙ্গে কখনো সমঝোতা হতে পারে না। 

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.