Sylhet Today 24 PRINT

উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে সেনাবাহিনী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে কাজ শুরু করেছে সেনাবাহিনী।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে তারা এ কাজ শুরু করে। নিজ দেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের জন্য সরকার উখিয়ায় যে ২ হাজার একর জমি নির্ধারণ করে দিয়েছে সেখানে সেনাবাহিনী তৈরি করবে ১৪ হাজার শেড। এসব শেডের প্রতিটিতে ৬ জন করে ৮৪ হাজার পরিবারকে বসবাসের সুযোগ করে দেয়া হবে।

শেড নির্মাণের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনায়ও করছে সেনাবাহিনী। জেলা প্রশাসন এতে সমন্বয় করবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান,  উখিয়ার ৭১ কিলোমিটারজুড়ে বসানো হয়েছে ১২টি চেকপোস্ট। ২২টি মোবাইল টিম কাজ করছে। তারা সাজা দিয়েছে ২১২ দালালকে।

এদিকে আগত রোহিঙ্গারা যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে চেকপোস্টগুলোতে ৫ হাজার ১১৯ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন,  রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারা নানা কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

যেসব ক্যাম্পে যোগাযোগব্যবস্থা দুর্বল সেসব ক্যাম্পে যাতায়াতের জন্য সেনাবাহিনী রাস্তা নির্মাণ ও সংস্কারকাজ করবে। তিনি সব ধরনের ত্রাণ জেলা প্রশাসনের মাধ্যমে প্রদানের জন্য আবারও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে ১২৯ ট্রাক ত্রাণসামগ্রী জেলা প্রশাসকের ত্রাণভাণ্ডারে জমা পড়েছে বলে তথ্য দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.