Sylhet Today 24 PRINT

বিসিবির এজিএমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এজিএমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক এ রিট দায়ের করেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করায় ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদকে আইনি নোটিশ পাঠানো হয়।

মামলার বাদী স্থপতি মোবাশ্বের হোসেনের দাবি, রায় অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের কোনো বৈধতা নেই সাধারণ সভা ঘোষণা করার। তারপরও তা করায় সাধারণ সভা ও বিশেষ সভাসহ বোর্ডের সব কার্যক্রম বন্ধের জন্য বিসিবি, বিসিবি সভাপতিসহ সাত ব্যক্তি এবং প্রতিষ্ঠান বরাবর তিনি এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, এ নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে বিসিবিকে বার্ষিক ও বিশেষ সভা আয়োজনের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে বর্তমান বোর্ড সভাপতি এবং পরিচালনা পর্ষদকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। আইনি নোটিশ পাওয়ার পর কি ব্যবস্থা নেওয়া হলো, সেটি আগামী তিন দিনের মধ্যে না জানালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট আবেদন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.