Sylhet Today 24 PRINT

মালিতে বাংলাদেশি ৩ শান্তিরক্ষী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শান্তিরক্ষীরা হলেন সার্জেন্ট আলতাফ (ইএমই দিনাজপুর), ল্যান্স কর্পোরাল জাকিরুল (আর্টিলারি নেত্রকোনা), সৈনিক মনোয়ার (ইস্ট বেঙ্গল বরিশাল)। আহত শান্তিরক্ষীরা হলেন মেজর জাদিদ (পদাতিক ঢাকা), কর্পোরাল মহিম (পদাতিক নোয়াখালী), সৈনিক সবুজ (পদাতিক নওগাঁ) এবং সৈনিক সরোয়ার (পদাতিক যশোর)। এরা সবাই জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত ছিলেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা, মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গতকাল শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। শান্তিরক্ষীরা সফলভাবে সন্ত্রাসীদের প্রতিহত করেন। এরই ধারাবাহিকতায় রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে বাংলাদেশি শান্তিরক্ষীরা আবারও সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। এবারও সাহসিকতা ও সফলতার সঙ্গে তারা সন্ত্রাসীদের প্রতিহত করেন। তবে, সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে শান্তিরক্ষীর তিনজন বাংলাদেশি নিহত এবং চারজন আহত হন। আহত সদস্যদের মালির গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। মালিতে বাংলাদেশি অন্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.