Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের জন্য ৪০০ কোটি টাকা ব্যয় করবে তুরস্ক

সিলেটটুডে ডেস্ক  |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের সেনাদের অত্যাচারে প্রাণ বাঁচাতে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আবাসন ও স্বাস্থ্যখাতে তুরস্ক ৪০০ কোটি টাকা ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী রিসেপ আকদাজ।

বুধবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এ সময় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আকদাজ।

বুধবার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেন।

এ সময় তার সঙ্গে স্ত্রী সায়মা আকদাজ, তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান মেহমেত গুলোগলু ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন। খবর আনাদলু এজেন্সির।

এ সময় তুর্কি উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প নির্মাণের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, তুরস্ক রোহিঙ্গাদের জন্য ক্যাম্প, ভবন ও হাসপাতাল নির্মাণ করতে আগ্রহী। এজন্য তুরস্ক ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে। বাংলাদেশ সরকার জায়গা নির্দিষ্ট করলে তুরস্ক নির্মাণকাজ শুরু করবে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.