Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের জন্যে তৃতীয়বারের মত ত্রাণ এলো ভারত থেকে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের জন্য তৃতীয়বারের মত ত্রাণ এলো ভারত থেকে। এবার সাতশ' টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় ‘আইএনএস ঘরিয়াল’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়ে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এম এন ইস্পাহানি লিমিটেড এর কর্মকর্তা লোকো প্রিয় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেটে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ এসেছে। এর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেলসহ ভোগ্যপণ্য সামগ্রী রয়েছে।

তিনি আরও জানান,  ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন।

এর আগে দুইবার বিমানে রোহিঙ্গাদের জন্য ভারত ত্রাণ সামগ্রী পাঠায়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট সেনা-পুলিশের ৩০টি চৌকিতে হামলার পর দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর প্রাণভয়ে স্রোতের মতো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা।

ইউএনএইচসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ আগস্টের পর এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর বল প্রয়োগের মুখে প্রাণভয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.