Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের সেনাদের নিপীড়নে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার থাইয়ংখালী রোহিঙ্গা ক্যাম্পে কুয়েত সরকারের দেওয়া ত্রাণ বিতরণ করেন।

এ সময় অর্থমন্ত্রী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ওপর চলা নির্যাতনের কথা শোনেন।

আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের সে দেশে নিরাপদ জোন তৈরি করে তাদেরকে ফেরত নিতে হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী পরে থাইয়ংখালী রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম ও সেনাবাহিনী পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এরআগে মন্ত্রী উখিয়া ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ত্রাণ ব্যবস্থাপনার কাজে বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় অন্যদের মধ্যে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানসহ সেনা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.