Sylhet Today 24 PRINT

নিজ বাসায় প্রধান বিচারপতি: ওয়াহহাব মিঞা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৭

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) নিজ বাসাতেই আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। বৃহস্পতিবার সকালে আইনজীবীদের এ তথ্য জানান তিনি।

সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এজলাসে বসার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন আদালতে প্রধান বিচারপতির অবস্থান ও তার শারীরিক অবস্থা জানতে চেয়ে লিখিত আবেদন পাঠ করে শোনান।

জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, 'বিষয়টি বিচার্য নয়। তিনি অসুস্থ। আমি নিশ্চিত তিনি বাসায় আছেন। তিনি কার সঙ্গে দেখা করবেন কি করবেন না, এটা তার নিজস্ব ব্যাপার।'

এ সময় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের মধ্যে খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মইনুল হোসেন উপস্থিত ছিলেন।

অপর দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে এক মাসের ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থা জানতে সহযোগিতা ও দিক-নির্দেশনা চেয়ে আপিল বিভাগের এক নম্বর আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বুধবার বিকালে ৩৮ জন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে সমিতির পূর্ব নির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

গত সোমবার অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হঠাৎ এক মাসের ছুটিতে যাওয়ায় সারাদেশে আলোচনা- সমালোচনা সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.