Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন শনিবার

নিউজ ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সরকারি সফর শেষে আগামীকাল শনিবার সকালে দেশে ফিরছেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে শনিবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ নিজ স্থানে অবস্থান নিয়ে সংবর্ধনাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দল এবং দলের ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিট ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব স্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। তিনি যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশের পথে লন্ডনের উদ্দেশে সোমবার ওয়াশিংটন ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী লন্ডনে তিন দিনের অবস্থান শেষে শনিবার দেশে ফিরে আসছেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

এখানে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে ফিরতে বিলম্ব হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.