Sylhet Today 24 PRINT

ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা জাতিসংঘের

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৭

মিয়ানমার থেকে আবারও বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তর।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক।

মিয়ানমারের সরকার রোহিঙ্গা মুসলমানদের কাছে কাউকে যেতে দিচ্ছে না—একে 'অগ্রহণযোগ্য' বলে বর্ণনা করেছে জাতিসংঘ।

মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক বলেন, 'সহিংসতার পরও মিয়ানমারের রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা এখনও রয়ে গেছে।'

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে সেনাবাহিনীর অভিযানের মুখে ইতোমধ্যে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। গত আগস্ট মাসে রাখাইনে অভিযান শুরু হয়। গত ছ'সপ্তাহে এটি এক বড় রকমের মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে।

লোকক বলেন, জাতিসংঘের উচ্চপর্যায়ের একজন প্রতিনিধি আগামী কয়েকদিনের মধ্যে মিয়ানমারে যেতে পারবেন বলে তারা আশা করছেন।

জেনেভা থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, তবে ওই কর্মকর্তাকে রাখাইনে নিয়ে যাওয়া হলেও তাকে কতোটা স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে সেটা পরিষ্কার নয়।

এর আগে জাতিসংঘের তরফে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অভিযানকে জাতিগত নিধন অভিযানের সঙ্গে তুলনা করা হয়।

তবে মিয়ানমারের সেনাবাহিনী বলছে, তারা সন্ত্রাসীদের দমন করার চেষ্টা করছে। বর্মী নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের হামলার পরই মিয়ানমারের সেনাবাহিনীর এই কঠোর অভিযান শুরু হয়।

উত্তর রাখাইনে রোহিঙ্গাদের শত শত গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের চারশোরও বেশি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক কর্মকর্তাদের রাখাইনে যেতে দেওয়ার জন্যে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, 'রোহিঙ্গাদের আসা এখনও বন্ধ হয়নি। এখনও হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারের ভেতরে অবস্থান করছে। আর সেকারণে শরণার্থীদের ঢল যদি আবারও নামে, তার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।'

মিয়ানমারের সরকারি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, 'আরও বহু সংখ্যক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত।' এজন্য রোহিঙ্গাদের মধ্যে নিরাপত্তাহীনতার ভীতির পাশাপাশি তাদের স্বাস্থ্য ও খাদ্য সঙ্কটের কথা প্রতিবেদনে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.