Sylhet Today 24 PRINT

বিপুল পরিমাণ ইয়াবাসহ ফের দুই রোহিঙ্গা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৭

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড থেকে তিন হাজার ইয়াবাসহ মিয়ানমার থেকে পালিয়ে আসা দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৭ অক্টোবর) সকালে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে উজালা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান।

গ্রেপ্তার হওয়া আবুল কাশেম (২৩) ও মো. রাজা মিয়া (৩০) রাখাইনে সাম্প্রতিক দমন-পীড়ন শুরুর পর এক মাস আগে পালিয়ে বাংলাদেশে আসেন।

এর আগে ১ অক্টোবর (রোববার) ভোরে নগরীর ব্রিজঘাট মেরিনার্স রোডে টেকনাফ থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সলিম উল্লাহ (৪২) ও মোহাম্মদ শাহ ওরফে খোকন (২২) নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে জিল্লুর রহমান বলেন, একমাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে টেকনাফের মোহসনি রোহিঙ্গা ক্যাম্প আশ্রয় নিয়েছিল ২ সহোদর। ইয়াবা বিক্রির জন্যই তারা চট্টগ্রামে আসে বলে জানান জিল্লুর।

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

দীর্ঘদিন ধরে চার লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশে নতুন করে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেয়। আগে থেকে থাকা রোহিঙ্গাদের একটি বড় অংশ ইয়াবা পাচার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও ইয়াবা পাচারসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন সময় অনেক রোহিঙ্গাকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.