Sylhet Today 24 PRINT

প্রশ্ন ফাঁসের অভিযোগে সিনিয়র নার্স পরীক্ষা বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৭

প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ জন অংশ নেন। কিন্তু এই পরীক্ষা শুরুর আগে থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দেন অনেকে। বিভিন্ন মহল থেকে এই পরীক্ষা বাতিলের দাবি ওঠে।

পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠার পর শনিবার কমিশনের জরুরি সভা হয়। সভায় বেশিরভাগ সদস্যই পরীক্ষা বাতিলের পক্ষে মত দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.