Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে নিখোঁজ অন্তত ৪০

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৭

নাফ নদীতে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন; বিজিবি ৮ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টের গোলার চর নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সর্তক সংকেত দেয়া হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় রাত ৮ টার দিকে মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা সাগর পাড়ি দিয়ে নাফ নদী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ আসার পথে রাত সাড়ে ৯ টার দিকে ঢেউয়ের তোড়ে নাফ নদীর গোলার চর নামক স্থানে ডুবে যায়।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে গিয়ে ৮ জনকে পানিতে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে। তবে কত জন নিখোঁজ আছে তা তিনি জানাতে না পারলে ও নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে বলে জানান বিজিবির অধিনায়ক।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল কাদের জানান, ওই নৌকায় ৪০/৫০ জন রোহিঙ্গা ছিল এবং ৪০ জনের মতো নিখোঁজ থাকতে পারে বলে জানান তিনি। সূত্র: চ্যানেল আই

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.