Sylhet Today 24 PRINT

জামায়াতের আমির মকবুল, সেক্রেটারি শফিকসহ ৯ জন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৭

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।  সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক প্রমুখ। বাকি তিনজনের মধ্যে বাড়ির মালিক নওশের, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম রয়েছেন। একজনের নাম জানা যায়নি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেন। জামায়াত নেতাদের বিরুদ্ধে গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে।

গত জানুয়ারি মাসে জামায়াতের শপথধারী সদস্যদের ভোটে মকবুল আহমাদ আমির ও শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

এদিকে গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত। দলটির এক বিবৃতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দাবি করা হয়, দলীয় কর্মসূচি পরিচালনায় তারা দেশের আইন, সংবিধান ও প্রচলিত নিয়ম অনুসরণ করে চলে। দলের আমিরের নেতৃত্বে একটি ঘরোয়া বৈঠক চলার সময় সেখান থেকে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.