নিজস্ব প্রতিবেদক | ১০ অক্টোবর, ২০১৭
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণ দায়বদ্ধতার ঊর্ধ্বে নন উল্লেখ করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারপারসন ড. তুরিন আফরোজ বলেছেন, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য একটি বাহ্যিক ফোরাম থাকা উচিত।
সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আফতাবনগরস্থ ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের অভিজ্ঞ ও প্রখ্যাত আইনবিদদের কাছ থেকে চলমান সমস্যা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনে আইন বিভাগের শিক্ষার্থীদের সুযোগ প্রদানের জন্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, "মিট দ্যা লিগ্যাল মাইন্ড" শিরোনামের সিরিজ সেমিনারের প্রথম পর্বের শিরোনাম ছিল: "ষোড়শ সংশোধনী মামলা বাতিলের রায়: তর্ক-বিতর্ক"।
সেমিনারের মূল বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও "বাংলাদেশ আইনজীবী সংঘ" নামে পরিচিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ড. বদরুল হাসান কচি।
সেমিনারে সকল প্রভাষক-প্রভাষিকা এবং নির্বাচিত ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। মূল প্রভাষক-প্রভাষিকা ও শিক্ষার্থীদের দ্বারা উত্থাপিত কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সংশোধনী বাতিল রায়ের আলোচিত বিষয়গুলির আলোকে আলোচনার ওপর জোর দেওয়া হয়।
আইন বিভাগের প্রভাষিকা মনিরা নাজমী জাহান, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলে এই ধরনের গণতান্ত্রিক সংসদের হাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা প্রদানের ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়াও প্রভাষক মো. পিজুয়়ার হোসেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যর্থতার ব্যাপারে রায়টির নীরবতা তুলে ধরে চলমান ভ্যাকুয়াম নিয়ে প্রশ্ন তুলেন।
শিক্ষার্থীদের মধ্যে ইশরাত জাহান সিদ্দিকী, শান্তা ইসলাম নিতু, তাছমিয়া জুথি, কাজী সিদরাতুল মুনতাহা, মোহাম্মদ রাফী আল নোমান, জান্নাতুল শরীয়াত দিশা, সাদিয়া আফরিন, আলতাফ হোসেন, ইয়াসির ওয়াহেদ মাহিন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যা এ সেমিনারের মূল বিষয়ের সাথে প্রাসঙ্গিক।
সেমিনার চলাকালে অধ্যাপক ড. তুরিন আফরোজ তার বক্তব্যে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, 'কেউই আইনের ঊর্ধ্বে নয়'। তিনি আরও বলেন যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয় এবং তাদের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য একটি বাহ্যিক ফোরাম থাকা উচিত।