Sylhet Today 24 PRINT

আমি অসুস্থ নই, বিব্রত: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০১৭

ছুটি কাটাতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। যদিও আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন অসুস্থতার কারণেই ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি। গেল আড়াইমাস থেকে তাকে নিয়ে চলা বিতর্ক তাই নতুন মোড় নিল।

শুক্রবার রাতে প্রধান বিচারপতি এসকে সিনহার এক লিখিত বিবৃতি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের হাতে পৌঁছায়। তাতে তিনি লিখেছেন, 'আমি সম্পূর্ণ সুস্থ আছি। কিন্তু ইদানীং একটা রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী ও বিশেষভাবে সরকারের কয়েকজন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত।'

সিনহা লিখেছেন,  'আমার দৃঢ় বিশ্বাস, সরকারের একটি মহল আমার রায়ের ভুল ব্যাখ্যা প্রদান করে পরিবেশন করায় মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন। তা অচিরেই দূরীভূত হবে বলে আমার বিশ্বাস।'

শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করার কথা প্রধান বিচারপতির। বিমানবন্দরে যাওয়ার আগে নিজ বাসভবন থেকে বের হওয়ার সময় তিনি হাত নেড়ে দেশবাসীকে শুভকামনা জানিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.