Sylhet Today 24 PRINT

শীর্ষ দৈনিকগুলোর নামে ‘ভুয়া’ খবরের স্ক্রিনশট ভাইরাল

অনলাইন প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০১৭

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার ছুটি কাটাতে বিদেশ সফরের ঘটনাকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিকের ভুয়া খবরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট মিডিয়াগুলো নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ভুয়া খবর সম্পর্কে পাঠকদের অবহিত করেছে।

দৈনিক প্রথম আলো, সমকাল, ইত্তেফাক ও ডেইলি স্টার পত্রিকা তাদের অনলাইন ভার্সনে শনিবার (১৪ অক্টোবর) এনিয়ে পাঠকদের সতর্ক করে জানিয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করা হয়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোকে ভুয়া বলে দাবি করেছে পত্রিকাগুলো।

অনলাইনে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, পত্রিকাগুলোর লে আউট বা বাহ্যিক অবকাঠামো ঠিক রেখে তাতে ইচ্ছে মতো সংবাদ এবং সংবাদ শিরোনাম এডিট করে পরিবেশন করা হয়েছে। দেখলে মনে হবে যেন প্রকাশিত পত্রিকাতেই এমন খবর ছাপা হয়েছে।

প্রথম আলো অনলাইনে তাদের ব্যাখ্যায় লিখেছে, প্রথম আলোর ২০১৭ সালের ১৪ অক্টোবর তারিখের ছাপা পত্রিকার প্রথম পাতার অনুরূপ একটি ভুয়া পাতার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘সরকারের চাপের মুখে প্রধান বিচারপতির দেশত্যাগ’ ও ‘প্রধান বিচারপতিকে দেশত্যাগে বাধ্য করার হুমকি!’ শিরোনামে দুটি খবর আছে।

এর পাশে ‘ক্ষমতা দেখাল সরকার’ শিরোনামে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে একটি লেখা আছে। বাস্তবে প্রথম আলোর প্রথম পাতায় এ ধরনের কোনো খবর বা ছবি প্রকাশিত হয়নি, এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত, বলে জানায় প্রথম আলো।

সমকাল তার পাঠককে সতর্ক করে লিখেছে, ১৪ অক্টোবর দৈনিক সমকালের প্রথম পাতার একটি ভুয়া ইমেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘সমকালের মাস্টহেডের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ভুয়া প্রথম পেইজ তৈরি করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি ও সরকার নিয়ে মনগড়া মিথ্যা তথ্য সম্বলিত গুজব ছড়ানো হয়। প্রতিটি খবরের শিরোনাম ছিল মনগড়া।’

সমকালের প্রতিবেদনে বলা হয়, বেগম খালেদা জিয়ার নামে একটি পেজ থেকে ওই ভুয়া স্ক্রিনশটে ভুয়া খবর প্রচার করা হয়।

দৈনিক ইত্তেফাকের ১৪ অক্টোবর তারিখের প্রথম পাতার ভুয়া স্ক্রিনশটও ছড়ানো হয় সামাজিক মাধ্যমে। লাল কালি দিয়ে লেখা ‘আমি সম্পূর্ণ সুস্থ’ ‘সরকারের মিথ্যাচার প্রমাণিত’ এই শিরোনামের কোন লেখা ১৪ তারিখের ইত্তেফাকে প্রকাশিত হয়নি।

পাঠককে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ডেইলি স্টার লিখেছে, ১৪ অক্টোবর প্রকাশিত পত্রিকায় ‘অ্যা ডিসগ্রেস টু বাংলাদেশ’ শিরোনামে সম্পাদক মাহফুজ আনামের কোন লেখা প্রকাশিত হয়নি। এমনকি ভাইরাল হওয়া স্ক্রিনশটের ‘এজ ইফ আর হেডিং টু জাংগল ল’ শিরোনামের কোন লেখাও প্রকাশিত হয়নি।

ডেইলি স্টারের অনলাইনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, এটি ওয়াহিদুজ্জামান নামের বহিষ্কৃত এক শিক্ষকের ফেসবুক একাউন্ট থেকে ছড়ানো হয়েছে।

‘বাস্তবতা হচ্ছে, মাহফুজ আনাম সম্প্রতি সময়ে কোন কলাম লিখেননি। ডেইলি স্টার মনে করে, পত্রিকার সুনামকে ক্ষুণ্ন করার জন্য এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.