Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে হাসপাতাল করবে মালয়েশিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে একটি হাসপাতাল করবে মালয়েশিয়া। হাসপাতালটিতে একসাথে প্রায় তিন লাখ লোকের চিকিৎসাসেবা দেয়া যাবে। এক মাসের মধ্যে এ হাসপাতালের কার্যক্রম শুরু হবে।

ঢাকা সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। এ সমস্যা সমাধানে মালয়েশিয়া আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়টিতেও তাঁরা নজর রাখছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.