সিলেটটুডে ডেস্ক | ১৬ অক্টোবর, ২০১৭
বাংলাদেশে আসা এবং যাওয়ার সময় সঙ্গে নেওয়া টাকার পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগে ছিল ৫ হাজার টাকা।
সোমবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনের সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ এবং বাংলাদেশ থেকে বহির্গমনের সময় বহনযোগ্য বাংলাদেশি মুদ্রার পরিমাণ মাথাপিছু ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় উন্নীত করা হল।
এর আগে ২০১৪ সালের ৩০ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি বাংলাদেশে প্রবেশ এবং বহির্গমনের সময় ৫ হাজার টাকা আনা ও নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।