Sylhet Today 24 PRINT

র‌্যাবের অভিযানে রাজধানীর তেজগাঁওয়ে এক ‘জঙ্গি’ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৭

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ব্রিগেড আদ্-দার-ই-কুতনির সদস্য রিয়াসাত এলাহী চৌধুরী ওরফে আবু হুরায়রা (২৮) নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের হুন্ডার গলির ৫৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বাবার নাম মাহবুব উল আলম চৌধুরী। হুরায়রা এর আগে রাজধানীর বনশ্রী থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলের সহযোগী।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানান, র‌্যাবের সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজন বেশ কিছু উগ্রপন্থী ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ সদস্য র‌্যাবের গোয়েন্দা নজরদারির মধ্যে ছিল। এরই ধারাবাহিকতায়  গত ২১ সেপ্টেম্বর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনি’র কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলকে গ্রেপ্তার করা হয়। তখন জিজ্ঞাসাবাদে সে কয়েকজন সহযোগীর নাম পরিচয় জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী রিয়াসাত এলাহী চৌধুরী ওরফে আবু হুরায়রাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুরায়রা জানায়, ২০১৫ সালে উগ্র মতবাদে বিশ্বাসী যুবক রাশেদের মাধ্যমে আবু জিব্রিলের সঙ্গে তার  পরিচয় হয়। তার ঘনিষ্ঠ সংস্পর্শে সে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িয়ে পড়ে। আবু জিব্রিলই তার সাংগঠনিক নাম আবু হুরায়রা প্রদান করে। পরবর্তীতে আবু জিব্রিলের নেতৃত্বে আদ্-দার-ই-কুতনি’র বেশ কয়েকজন সদস্য হুরায়রার ফার্মগেটের বাসায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য গোপন বৈঠকে মিলিত হয়। একপর্যায়ে হুরায়রা তার পরিচিত অস্ট্রেলিয়া প্রবাসী উগ্র মতাদর্শে বিশ্বাসী যুবক আবু আতা’র ওরফে নওরোজ রাইয়াত আমিনের সঙ্গে আবু জিব্রিলের পরিচয় করিয়ে দেয়। আবু আতা’র বাংলাদেশে থাকা অবস্থায় বেশ কয়েকবার হুরায়রার মাধ্যমে রাজধানীর চকবাজারে শ্বশুর বাড়ির ছাদে আবু জিব্রিলসহ অনেকের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়।

বনানী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে হুরায়রাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.