Sylhet Today 24 PRINT

ফের পেছাল ব্লগার নিলয় হত্যার তদন্ত প্রতিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৭

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় (নিলয় নীল) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে। আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির নতুন এ দিন ধার্য করেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে ধর্মীয় জঙ্গিরা। পরে ওই দিনই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)।

ঘটনার দিন রাতে নিহত নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের সাত সদস্যকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়।

গ্রেপ্তার সাতজনের মধ্যে মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ কারাগারে আছেন। এ ছাড়া মাসুম রানা ও তরিকুল ইসলাম নামে দু’জন জামিনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.