Sylhet Today 24 PRINT

ঢামেকের সামনে কিশোরীর লাশ রেখে পালালো ২ ব্যক্তি

নিউজ ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে একটি অটোরিকশার ভেতরে এক কিশোরীর লাশ রেখে দুই ব্যক্তি পালিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান,  মেডিকেলের প্রশাসনিক ভবন গেটে রূপালী রঙের একটি 'প্রাইভেট' অটোরিকশার মধ্যে এক কিশোরীর (১৫) লাশ দেখতে পান তারা। এরপর ওই অটোরিকশার চালক ফুলসুর মিয়াকে খুঁজে বের করেন। চালক তাদের জানান, মিরপুর ১২ নম্বর থেকে দুই ব্যক্তি অচেতন থাকা ওই কিশোরীকে নিয়ে তার গাড়িতে ওঠে। এ সময় তারা ওই কিশোরী অসুস্থ, তাকে ঢাকা মেডিকেলে নিতে হবে বলে জানায়। এরপর ঢামেক হাসপাতালের বাগান গেটে পৌঁছে হাসপাতাল থেকে 'ডাক্তার নিয়ে আসার' কথা বলে কিশোরীকে অটোরিকশায় রেখে ভেতরে চলে যায় তারা।

কিন্তু অনেক সময় হয়ে গেলেও তারা না ফেরায় ফুলসুর মিয়া গাড়ি রেখে তাদের খুঁজতে বের হন। ওই সময় অটোরিকশাটি পুলিশের চোখে পড়ে।

এসআই বাচ্চু মিয়া বলেন, ওই কিশোরীর পরনে রঙিন সালোয়ার কামিজ ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন ও নাক দিয়ে রক্তও ঝরছিল। তিনি আরও জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। চালককে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.