Sylhet Today 24 PRINT

দুই দিনের সরকারি সফরে ঢাকায় সুষমা স্বরাজ

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৭

দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার দুপুর ১টা ৪০ মিনিটে সুষমাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে তাঁকে  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সুষমা স্বরাজ এই সফরে মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিটির চতুর্থ সভার সভাপতিত্ব করবেন। বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ পরামর্শক কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া রোববার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোনারগাঁও হোটেলে গিয়ে সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার সকালে ঢাকায় দিল্লি হাইকমিশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। বিকালে ঢাকা ছাড়ার আগে সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি বাংলাদেশে সুষমা স্বরাজের দ্বিতীয় সফর। এর আগে ২০১৪ সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.