Sylhet Today 24 PRINT

ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে আরও ১৫ মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৭

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করার অভিযোগে শান্তিতে নোবেল পাওয়া অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ১৫টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোতে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকেও বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাগুলো করেছেন প্রতিষ্ঠানের ভুক্তভোগীরা। আদালতের সেরেস্তা সহকারী মোহাম্মদ জামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ অক্টোবর থেকে আজ ২৪ অক্টোবর পর্যন্ত মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট বিচারক সুলতান মাহমুদ প্রাথমিকভাবে এসব মামলা গ্রহণ করেন। একইসঙ্গে বিবাদীদের আগামী ৩ ও ৫ জানুয়ারির মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলাগুলোর আরজিতে বলা হয়েছে, গ্রামীণ টেলিকম ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় দুই হাজার ১৫৮ কোটি টাকা মুনাফা করেছে। শ্রম আইনের বিধান অনুযায়ী নিট মুনাফার ৫ শতাংশ কম্পানির কর্মীদের দিতে হবে। এই হিসেবে কর্মীদের নিট মুনাফা ১০৭ কোটি ৯৩ লাখ টাকা হয়। এর মধ্যে ৮০ শতাংশ কর্মীদের, ১০ শতাংশ সরকার ও অন্য ১০ শতাংশ কল্যাণ তহবিলে জমা দিতে হবে।

গ্রামীণ টেলিকম কর্মীদের প্রাপ্য পরিশোধ করেনি এমনকি সরকারকেও কোনও অর্থ পরিশোধ করেনি। একই অভিযোগে আগেও একই বিবাদীদের বিরুদ্ধে আরও ১২টি মামলা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.