Sylhet Today 24 PRINT

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৭

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (২৯ অক্টোবর) সকালে তিনি দেশে ফিরে এসেছেন বলে বাসস সূত্রে জানা যায়।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন শনিবার রাতে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচহিররি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, মন্ত্রীপরিষদ সচিব এম শফিউল আলম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চোখের চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২১ অক্টোবর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.