সিলেটটুডে ডেস্ক | ৩১ অক্টোবর, ২০১৭
ঢাকায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মঞ্চ থেকে নরওয়ের এক নাট্যশিল্পীর চুরি যাওয়া ব্যাগসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে ব্যাগটিসহ মো. রুবেল (২৬) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার খন্দকার আরাফাত লেনিন জানিয়েছেন।
গেলো বছরের নভেম্বরে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। এবার তাকে গ্রেপ্তার করা হল নরওয়ের নাট্যশিল্পীর ব্যাগ চুরির ঘটনায়।
এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। যার মধ্যে ল্যাপটপ, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাগ চুরির বিষয়টি স্বীকার করেছেন রুবেল।
গত ২৬ অক্টোবর দুপুর ১২টায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর নাট্যশালার মূলমঞ্চে নরওয়ের ‘হেরিটেজ’ নাটকের মহড়ার সময় দলটির শিল্পী স্টিনার কালো ব্যাগ নিয়ে কৌশলে সটকে পড়েন রুবেল।
আরণ্যক নাট্যদল আয়োজিত পুষ্প ও মঙ্গল আন্তর্জাতিক নাট্যোৎসব ও চট্টগ্রামের নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিল নরওয়ের নাট্যদল ‘ড্রপ প্রডাকশন’। আজ(৩১ অক্টোবর) সন্ধ্যায় নরওয়ে ফিরে যাচ্ছে ড্রপ প্রডাকশনের শিল্পীরা।
এদিকে গেলো বছর নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির ব্যাগ চুরির ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। তখন পুলিশের হাতে গ্রেপ্তার রুবেল পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।
২০১৬ সালের ২১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’র উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির ব্যাগ চুরি করেছিল রুবেল।