Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৭

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩০তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এর এবারের তালিকায় আগের চেয়েও শক্তিশালী অবস্থানে ওঠে এসেছেন তিনি। এই সাময়িকীর গত বছরের করা তালিকায় শেখ হাসিনা ছিলেন ৩৬তম অবস্থানে।

মূলত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার অবস্থানের উন্নতি এবং রোহিঙ্গাদের প্রতি ন্যায়বিচার করতে না পারায় সু চির অবস্থানের অবনতি হয়েছে। ফোর্বসের তালিকায় এবার শেখ হাসিনার অবস্থান ৩০তম।

আর সু চির অবস্থান ৩৩তম। অথচ গত বছর সু চির অবস্থান ছিল ২৬তম। আর শেখ হাসিনার অবস্থান ছিল ৩৬তম।

শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ আখ্যায়িত করে ফোর্বস বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার অঙ্গীকার করেছেন এবং তাদের জন্য ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছেন। যা মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির অবস্থানের ঠিক বিপরীত।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস গতকাল বুধবার নতুন এই তালিকা প্রকাশ করেছে। এতে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা দেওয়ার পাশাপাশি বিশ্বের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২১ জনের নামও স্থান পেয়েছে।

বিশ্ব রাজনীতিতে ক্ষমতাধর ১০০ নারীর প্রথম পাঁচজন হলেন যথাক্রমে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, যুক্তরাষ্ট্রের মেলিন্ডা গেটস, সেরিল স্যান্ডবার্গ ও মেরি ব্যারা।

উল্লেখ্য, মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছর বিভিন্ন বিষয়ে এ ধরনের একাধিক তালিকা প্রকাশ করে। আর ফোর্বসের এই তালিকা বা জরিপকে বিশ্বব্যাপী গুরুত্বের সঙ্গেই গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.