Sylhet Today 24 PRINT

এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সব ব্যাংকে লেনদেন ব্যবস্থা চালু

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৭

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবির মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

এর মাধ্যমে এখন থেকে একটি ব্যাংকের গ্রাহক চাইলেই অন্য ব্যাংকের গ্রাহকের কাছে অর্থ পাঠাতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ইচ্ছে করলে এ সুযোগ নিতে পারবেন। একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ পাঁচবার এবং সব মিলিয়ে দিনে ২ লাখ টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেন সম্পর্কে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানানো হবে। প্রাথমিক অবস্থায় এ সেবায় কোনো চার্জ কাটা হবে না। এসব লেনদেনে সাইবার ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেয়া হয়।
 
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা, পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে পেমেন্ট কার্ড ব্যবসা করছে এমন ৫৩টি ব্যাংকের মধ্যে এনপিএসবির সদস্য ৫১টি। এর মধ্যে ছয়টি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রন্সফারের কাজ শুরু করেছে।
 
অনুষ্ঠানে জানানো হয় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার সুবিধা চালুর ফলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে। তাছাড়া এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল প্রদান, ডিপিএসের মাসিক কিস্তি জমা, ঋণের মাসিক কিস্তি জমা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান, বিজনেস টু বিজনেস অর্থ প্রদান ইত্যাদি সেবা গ্রহণ আরও সহজ, সাশ্রয়ী ও দ্রুততর হবে। এছাড়াও ই-কমার্স বা ঘরে বসে অনলাইনে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের সুযোগ অনেকগুণ বাড়বে, যা ই-কমার্সভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ খাতের ব্যাপক প্রসারে সহায়ক হবে।
 
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান বলেন, একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ পাঁচবার এবং সব মিলিয়ে দিনে দুই লাখ টাকা লেনদেন করতে পারবেন। এসব লেনদেনে সাইবার ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
 
অনুষ্ঠানে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের পক্ষ থেকে জানানো হয়, দেশে ব্যাংক গ্রাহকের সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়ছে না এটিএম বুথ। বর্তমানে আন্তঃব্যাংক লেনদেন ফিও অনেক বেশি। এটিকে সহনীয় পর্যায়ে আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি রাখেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.