Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ ঠেকাতে শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আনতে হবে : আসাদুজ্জামান নূর

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৭

ফাইল ছবি

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জঙ্গিবাদ ঠেকাতে লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শনিবার প্রথম উত্তরবঙ্গ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য তিনি একথা বলেন।

উত্তরাঞ্চলের ১৬ জেলার সংস্কৃতি অনুরাগীদের নিয়ে প্রথম বারের মতো এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। পাঁচবিবি উপজেলায় ৩ দিনব্যাপী ধরিত্রী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব চলবে।

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. অজয় রায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের কিউরেটর এন আই খান, ধরিত্রী বাংলাদেশের সম্পাদক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, সদস্য সচিব ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

মন্ত্রী আরও বলেন, শিশুদের মানবিকতার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে করে মূল্যবোধ সৃষ্টি হয়। তবেই সমাজ থেকে সকল প্রকার কৃসংস্কার দূর করা সম্ভব হবে।

উৎসব সঙ্গীত ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মান, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর সঙ্গীতের আবহকে সামনে রেখে তিন দিনব্যাপী প্রথম উত্তরবঙ্গ সাংস্কৃতিক উৎবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.