Sylhet Today 24 PRINT

বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৭

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম ইউনিটের লাইসেন্স প্রাপ্তির মধ্যদিয়ে নিউক্লিয়ার নেশন হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হলো বাংলাদেশ। বাংলাদেশ হলো এই ক্লাবের ৩২তম দেশ।

বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথোরিটির (বিএইআরএ) চেয়ারম্যান নঈম চৌধুরী আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান দিলিপ কুমার সাহার কাছে লাইসেন্স তুলে দেন।

বিএইআরএ সূত্রে জানা যায়, শর্তসাপেক্ষে এই লাইসেন্স দেওয়া হয়েছে। নি:শর্ত লাইসেন্স পেতে হলে আণবিক শক্তি কমিশনকে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। এর মধ্যে রয়েছে প্রকল্প এলাকার বেলেমাটি পরমাণু চুল্লি (রিঅ্যাক্টর) স্থাপনের উপযোগী করে তোলা, পদ্মাপাড়ের প্রতিরক্ষা বাঁধ বিদ্যুৎকেন্দ্রের জন্য নিরাপদ করে তোলা, জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা এবং প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা।

আর এই কাজগুলো সম্পন্ন করতে পারলে আগামী মার্চ মাস তাঁরা নি:শর্ত লাইসেন্স পাবে বলে আশা করছে আণবিক শক্তি কমিশন।

আগামী ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.