Sylhet Today 24 PRINT

হাসপাতালে ফেরদৌসী প্রিয়ভাষিণী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৭

মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার দুপুরে গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে তিনি হাসপাতালটিতে যান। পরে অর্থোপেডিকস বিভাগে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে ল্যাব এইডের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন জানিয়েছেন।

এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক বারীণ চক্রবর্তীর নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে সাইফুর বলেন, “এ মুহূর্তে ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের পরামর্শে রাত ৮টার দিকে তার গোড়ালির অপারেশন শুরু হয়েছে।”

মঙ্গলবার রাতে বাথরুমে পড়ে গোড়ালিতে চোট পান ৭০ বছর বয়সী ফেরদৌসী প্রিয়ভাষিণী। গোড়ালির একটি হাড় স্থানচ্যুত হয় বলে চিকিৎসকরা জানান।

সাইফুর বলেন, “দুপুরে অর্থোপেডিকস বিভাগে তার চিকিৎসা চলাকালে ব্যথা ও মানসিক ভীতি থেকে একটি প্রচণ্ড শক খান। এসময় তার বিপি পাচ্ছিলাম না আমরা। পরে আবার বারীণ স্যার যখন দেখেন, তখনও আবার শক খান তিনি। সেকেণ্ড শকটি ভীতিজনক। সেজন্যই আমরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনকই বলছি।”

এই মুক্তিযোদ্ধা, ভাস্কর দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন। তার রক্তে পটাসিয়াম ও হিমোগ্লোবিন একেবারেই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি কিডনির জটিলতায়ও ভুগছেন।

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্ম ফেরদৌসী প্রিয়ভাষিণীর। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন।

স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান।

২০১৪ সালে একুশের বইমেলায় তার আত্মজৈবনিক গ্রন্থ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.