Sylhet Today 24 PRINT

বিচারপতি সিনহার পদত্যাগপত্র এখনও আসেনি: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৭

ফাইল ফটো

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে প্রধান অতিথি হিসেবে ‘গুরুপূরব ও নগর কীর্তন-২০১৭’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

এইসময় মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘পদত্যাগপত্র পাঠাতে হলে কার কাছে পাঠাবে? রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। আমি যতটুক জেনেছি এখনো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পৌঁছায়নি।’

সাংবাদিকদের তিনি আরো বলেন, “যখন পৌঁছাবে তখন আকাশে চাঁদ উঠার মতো আপনারাও জানতে পারবেন,”

এছাড়া রোববার (১২ নভেম্বর) বিএনপির সমাবেশের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ নির্ভর করবে বিএনপির আচরণের উপর। বিএনপি যদি বিশৃঙ্খলা করে, উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী তা করবে।’

বাংলাদেশে যারা শিখ ও গুরুদুয়ারা নানকশাহীর ভক্ত রয়েছেন তাদের পাশে সরকার অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে বলে জানান সেতুমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন গুরুনানকশাহীর ভক্তরা। এ সময় সম্মাননা প্রদান করা হয় অতিথিদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.