Sylhet Today 24 PRINT

লেকহেড স্কুল খুলে দেওয়ার আদেশ ১০ দিনের জন্য স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৭

জঙ্গিবাদ ও উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্ধ থাকা রাজধানীর গুলশান ও ধানমন্ডির লেকহেড গ্রামার স্কুলের দু’টি শাখা খুলে দেয়ার জন্য হাইকোর্টের দেয়া আদেশ আগামী ১০ দিনের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এরআগে গত ১৫ নভেম্বর হাইকোর্টের দেয়া আদেশ রোববার (১৯ নভেম্বর) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় রিটকারীদের পক্ষে শুনানি করেন এএফ হাসান আরিফ ও ব্যারিস্টার আকতার ইমাম।

এর আগে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্কুলটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার আদেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহান স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন না নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল। প্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।

পরে স্কুল বন্ধের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা হলে আদালত উক্ত রুল জারি করেন। সেই রুলের শুনানি শেষে রায়ের হাইকোর্ট স্কুলটি খুলে দেওয়ার নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.