Sylhet Today 24 PRINT

উইমেন চ্যাপ্টার সম্পাদক সুপ্রীতি ধরকে ‘দেখে নেওয়া’র হুমকি

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০১ জুন, ২০১৫

নারী অধিকার ও নারীদের বিরুদ্ধে যৌন নিপিড়নের প্রতিবাদে লেখা ছাপানোয় ‘ইসলামবিরোধী’ উল্লেখ করে নারী বিষয়ক অনলাইন পোর্টাল উইমেন চ্যাপ্টার সম্পাদক সুপ্রীতি ধরকে ফেসবুক ও মোবাইল ফোনে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।

গত দুদিন ধরে এই সাংবাদিকের মোবাইল ফোনে একাধিক নম্বর থেকে ফোন করে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করা হচ্ছে বলে জানান তিনি।

ফেসবুকে ‘নয়ন চ্যাটার্জি’ নামক এক পেজ থেকে সুপ্রীতি ধরের ছবি দিয়ে তাঁকে হুমকি দেওয়া হয় ফলে যেখানে সে পেজের একাধিক সদস্য উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন। পরে একাধিক ফেসবুকারের রিপোর্টের প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ উস্কানিমূলক পোস্ট ও পেজ বন্ধ করে দেয় বলে জানা গেছে। অনুসন্ধানে জানা গেছে ‘নয়ন চ্যাটার্জি’ একটি ভূয়া নিকধারী, এই নাম নিয়ে কোন উগ্র মৌলবাদি এসব পোষ্ট করছে।

এদিকে, এ সাংবাদিক হুমকির প্রেক্ষিতে মানসিক চাপের মধ্যে আছেন জানিয়েছেন একটি অনলাইন নিউজপোর্টালকে জানিয়েছেন। যেখানে তিনি  বলেছেন, শিগগিরই থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছেন তিনি।

সুপ্রীতি ধর আরও জানান “আমার পরিবারকেও দেখে নেবে বলেছে ওরা। তাদের আক্রমণের ভাষা ও হুমকিতে মনে হচ্ছে- বাকস্বাধীনতা আমাদের কোথায়? সমাজের নৈতিক অবক্ষয় আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে!”

শনিবার রাত থেকে দেশ-বিদেশের বিভিন্ন নম্বর থেকে অবিরত ফোন পাচ্ছেন জানিয়ে সুপ্রীতি বলেন, কেউ তাদের নাম বলেনি।

 “ আমাকে ফোন করে বলেছে, আপনি ইসলামের বিরোধিতা করেন? হিজাব-বোরকার বিরোধিতা করে লেখা ছাপান? আর ছাপবেন না। মনে রাখবেন, এরপরও ছাপলে আপনি কিন্তু  নেক্সট টার্গেট, এই কথাটা মাথায় রাইখেন। আশা করি, আপনি বুঝতে পারছেন, কী বলতে চাইছি। ”

তিনি বলেন, “হুমকিদাতা বলছে, এ দেশে হিজাব-বোরকার বিরোধিতা চলবে না; এসব লেখা বন্ধ করতে হবে। আমিও তাদের বলেছি-আপনারাও লিখেন, ভিন্নমত দেন; তাও ছাপানো হবে। কিন্তু তারা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.