সিলেটটুডে ডেস্ক | ২১ নভেম্বর, ২০১৭
ফেইসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্ট করার কথিত অভিযোগে গ্রেপ্তার রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়ার টিটু রায়ের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে পাঁচটি সামাজিক ও ধর্মীয় সংগঠনের রংপুর শাখা।
এ সংগঠনগুলোর ১০ আইনজীবী বিনা খরচে এ মামলায় লড়বেন বলে জানা গেছে। সংগঠনগুলো হলো, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্লাস্ট এবং হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ।
সোমবার (২০ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন ওই পাঁচ সংগঠনের সমন্বয়কারী অ্যাডভোকেট রথীশ চন্দ্র বাবু সোনা।
তিনি জানান, শুধু টিটু রায়ই নয়, এ ধরনের ঘটনার শিকার যে কোনো নাগরিককে বিনা খরচে আইনি সহায়তা দেবেন তারা। তিনি বলেন, টিটু রায়ের পরিবারের পক্ষ থেকে কখনো আইনি সহযোগিতা চাওয়া হয়নি। সংগঠনগুলো স্ব উদ্যোগে এ পদক্ষেপ নিয়েছে। টিটু রায়ের পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
টিটু রায়ের পক্ষে যে ১০ জন আইনজীবী মামলা লড়বেন, তারা হলেন- ইন্দ্রজিত রায়, কমল মজুমদার, বিনয় ভূষণ, নড়েন চন্দ্র সরকার, মাহফুজ শিবলী, রিয়াজুল ইসলাম এবং ব্লাস্টের চারজন। প্রথম ৪দিনের রিমান্ড শেষে বর্তমানে টিটু রায় দ্বিতীয় দফায় আরো চার দিনের রিমান্ডে রয়েছেন।