Sylhet Today 24 PRINT

প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমানের দেহত্যাগ

নিউজ ডেস্ক |  ০২ জুন, ২০১৫

বিবিসি বাংলা বিভাগের সাবেক উপ-প্রধান প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমান মারা গেছেন। সোমবার সকাল ১১টায় লন্ডনের রয়্যাল ফ্রি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিরাজুর রহমানের স্ত্রী সোফিয়া রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। তার এক ছেলে এবং এক মেয়ের আগেই মৃত্যু হয়েছে।

তিনি ১৯৩৪ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন । কলকাতায় পড়াশোনা শেষে দৈনিক আজাদ, দৈনিক নবযুগ এবং সাপ্তাহিক মিল্লাতে কাজের মধ্য দিয়ে তার দীর্ঘ সাংবাদিক জীবনের সূচনা হয়।

১৯৬০ সালে তিনি বিবিসিতে যোগদান করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিবিসির বাংলা রেডিও অনুষ্ঠানে তার অবদানের জন্য সিরাজুর রহমান বাংলাদেশের জনগণের কাছে এক কিংবদন্তীতে পরিণত হন। ১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেওয়ার পর তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে কলাম লিখতেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.