Sylhet Today 24 PRINT

টিটু রায়ের জামিন নামঞ্জুর

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের ঠাকুরপাড়া এলাকায় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় টিটু রায়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ নভেম্বর) টিটুর আইনজীবীরা তার জামিন আবেদন করলে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আরিফুল ইসলাম এ আদেশ দেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

জামিন আবেদন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী ইন্দ্রজিত সরকার বলেন, জামিনের জন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এর আগে গত ১৪ নভেম্বর ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে টিটু রায়কে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে দু'দফায় ৮ দিন রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

প্রসঙ্গত, মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৬ নভেম্বর ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।

এরআগে শুক্রবার (১০ নভেম্বর) জুমা নামাজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। পরে কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট করে। এ নিয়ে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন পুলিশসহ ১৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.