Sylhet Today 24 PRINT

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে আত্মসমর্পণের নির্দেশ

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৭

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর আবেদন খারিজ করে দিয়ে তাঁকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৬ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে দুদকের পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আদালত মামলা বাতিলে রুল খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে আলতাফ হোসেন চৌধুরীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের এ রায়ের ফলে মামলা চলতেও আর বাধা নেই।

একই মামলায় বৈধতার প্রশ্নে চলতি বছরের ২২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে হাইকোর্টে আবেদন করেন আলতাফ হোসেন চৌধুরী। হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। বুধবার সে রুল খারিজ হয়ে যায়।

সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.