Sylhet Today 24 PRINT

আজও হচ্ছে বৃষ্টি, উন্নতি হবে সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবার ভোর থেকে সারাদেশে বৃষ্টি শুরু হয়ে তা আজ রোববারও অব্যাহত রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর থেকে আগেই জানানো হয়েছে যে, রোববারও দিনভর এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। সোমবার থেকে পর্যায়ক্রমে অবস্থার উন্নতি হবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রোববার পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তিনি আরো জানান, বিকেলের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাতের তাপমাত্রা কমবে এবং আগামীকাল সোমবার ভোর থেকে রোদ উঠে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এর আগে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে একই এলাকায় অবস্থান করছিল।

রোববার দুপুর ১২টা নাগাদ এটি চট্টগ্রাম বন্দরের ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে, কক্সবাজার বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে, মংলা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম দিকে এবং পায়রা বন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল।

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.