Sylhet Today 24 PRINT

‘জয়-বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার পরবর্তী শুনানি ১৮ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

‘জয়-বাংলা’কে কেন জাতীয় স্লোগান ও মূলমন্ত্র হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার (১০ ডিসেম্বর) ওই রুলের শুনানির দিন ধার্য ছিল। পরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮ জানুয়ারি শুনানির নতুন তারিখ ঠিক করেন।

এর আগে জারি করা রুলে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

আদালতে আবেদনকারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ সাংবাদিকদের বলেন, পৃথিবীর সাত দেশে জাতীয় স্লোগান আছে। ‘জয়-বাংলা’ হচ্ছে আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে, আমরা আমাদের চেতনার সেই জয়-বাংলাকে স্বাধীনতার ৪৬ বছর পর্যন্ত জাতীয় স্লোগান হিসেবে পাইনি।

তিনি বলেন, জয়-বাংলা কোনো দলের স্লোগান নয়, কোনো ব্যক্তির স্লোগান নয়, এটি হচ্ছে- আমাদের ‘ন্যাশনাল ইউনিটি’। এই স্লোগান দিয়ে একদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। গোটা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতাপরবর্তী সময়ে জয়-বাংলা স্লোগান দিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছিল। আমরা কোর্টকে বলেছি- এটিকে যাতে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.