Sylhet Today 24 PRINT

‘আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা’

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে সৌদি আরব, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার সুযোগ থাকবে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগ দিতে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। যেসব এলাকা বা দেশে বেশি সংখ্যক প্রবাসী আছেন, সেখানে বিশেষ সেন্টার স্থাপনের মাধ্যমে তাদের ভোট প্রদানের বিষয়ে সরকার ভাবছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেট হয়তোবা আমার শেষ বাজেট। এ বাজেটে সরকার প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করতে তাদের প্রণোদনার মেয়াদ আরও এক বছর বাড়ানোর ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে প্রবাসীদের পাঠানো অর্থে আমার দেশের অর্থনীতির চাকা চাঙা। তাই তাদেরকে যেন আমরা কখনও লেবার না বলি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.