সিলেটটুডে ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৭
ফসলের মাঠে নারীদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির অপরাধে কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে মসজিদের ইমামসহ তিনজনকে এক দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কুমারখালী থানার উপপরিদর্শক শেখ রাজিব আল রশিদ বাদী হয়ে মামলা করেন। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে করা। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও ১০-১৫ জন।
‘ফসলের ক্ষতি’ ও ‘অসামাজিক কার্যকলাপ’-এর অজুহাতে কল্যাণপুর গ্রামের নারীদের মাঠে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গত শুক্রবার মাইকে তা প্রচারের পর থেকে নারীরা ভয়ে আছেন। এমনকি মাঠে থাকা পুরুষদের খাবারও নিয়ে যেতে ভয় পাচ্ছেন তাঁরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি সরদার বলেন, মঙ্গলবার রাতে কল্যাণপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত চারজন হলেন কল্যাণপুর জামে মসজিদের পেশ ইমাম আবু মুছা (৩৬), মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেন (৪০), সাধারণ সম্পাদক মতিয়ার রহমান (৩৮) ও আবুল। সন্দেহভাজন আসামিরা হলেন আনসার আলী (৫০) ও দাউদ শেখ (৩৮)।
ছয়জনকেই বুধবার দুপুরে কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (কুমারখালী আমলি আদালত) নেওয়া হয়। রিমান্ডের আবেদন করা হলে আদালত আবু মুছা, আলতাব ও মতিয়ার রহমানের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাকি আসামিদের ধরতে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের জোর নির্দেশ দেওয়া হয়েছে।