সিলেটটুডে ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৭
আগামীকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এই শ্রদ্ধা নিবেদন উপলক্ষে মিরপুর মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে। এ সড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ওই সড়কে চলাচলকারী বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা-ভ্যানকে বিকল্প সড়কের ব্যবহারের ব্যাপারেও অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়ার দিক থেকে বেঁড়িবাধ দিয়ে মিরপুরের দিকে আসতে নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহ আলী থানা সড়ক দিয়ে আসতে হবে। মাজার রোড ক্রসিং দিয়ে শাহ আলী মাজারসংলগ্ন এলাকা অতিক্রম করতে টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম সড়ক ব্যবহার করতে হবে। মিরপুর-১০ নম্বর থেকে গাবতলীর দিকে যেতে মিরপুর ১ নম্বর দারুস সালাম সড়ক, টেকনিক্যাল মোড় হয়ে যেতে হবে।