Sylhet Today 24 PRINT

ভূমিমন্ত্রীর ছেলে তমালকে যুবলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় যুবলীগ এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ নাসিম পাভেল।

তিনি জানান, কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গত এক বছরে শিরহান শরীফ তমালের নানা অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেন। এর আগে আধিপত্য বিস্তার দলীয় গ্রুপিং ও নিজ দলের কর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী উপজেলা কমিটি স্থগিত করা হয় এবং এই ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘ ২ মাস কারাগার ভোগের পর জামিনে থাকাবস্থায় আবারো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার হয়।

উল্লেখ্য, ২৯ নভেম্বর রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি মূলক খবর সংগ্রহে থাকা সাংবাদিকদের উপর ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি, ভূমিমন্ত্রী পুত্র শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজীব সরকারের নেতৃত্বে স্থানীয় ৩০/৪০ জনের একদল ক্যাডার হামলা চালায়। এতে সময় টিভির প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের রিজভী রাইসুল জয়, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান ও সময় টিভির ক্যামেরাপারসন মিলন হোসেন গুরুত্বর ভাবে আহত হন।

এ ঘটনায় ওই দিন রাতেই হামলার শিকার ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর ১৫ দিন পলাতক থাকার পর বুধবার পাবনার আমলী আদালত -১ এ হাজির হলে বিচারক রেজাউল করিম শিরহান শরীফ তমালের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

দলীয় গ্রুপিং ও প্রতিপক্ষের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী উপজেলা কমিটি স্থগিত করা হয় এবং এই ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘ ২ মাস কারাগার ভোগের পর জামিনে থাকাবস্থায় আবারো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে স্থায়ী ভাবে বহিষ্কার হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.