Sylhet Today 24 PRINT

আজ বাংলাদেশের বিজয়ের দিন

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৭

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে শুরু করে গণহত্যা এবং এর ব্যাপ্তি ছিল দীর্ঘ নয় মাস। এ নয় মাসে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসরা বাংলাদেশের ত্রিশ লক্ষ লোককে নির্বিচারে হত্যা করে, লাখ লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নেয়।

যে একাত্তরে পাকিস্তানিরা বাংলাদেশে গণহত্যা শুরু করে সে একাত্তরেই বাংলাদেশ বিজয় ছিনিয়ে আনে। এরআগে ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে। সে বছরের ১৬ ডিসেম্বর সেই অস্ত্রই পায়ের কাছে নামিয়ে রেখে অপমানের গ্লানি মাথায় নিয়ে লড়াকু বাঙালির কাছে আত্মসমর্পণ করে ৯৩ হাজারের বিশাল বাহিনী। সেই থেকে ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় দিবস। এই মহান বিজয়ের ৪৬ বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশ পা রাখল বিজয়ের ৪৭তম বছরে।

পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অমিততেজ মুক্তিবাহিনীর গৌরবদীপ্ত লড়াই আমাদের চিরদিনের অহংকার। ব্রিটিশদের নিষ্পেষণ থেকে পাকিস্তানিদের দুঃশাসনে বাঙালি যখন ‍অতিষ্ঠ, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে।

বাঙালি জাতীয়তাবাদ, পূর্ববাংলার স্বায়ত্তশাসন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রতিষ্ঠার প্রক্রিয়ায়  বঙ্গবন্ধুর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। শেরেবাংলা বাঙালি জাতীয়তাবাদের চেতনাকেই বিকশিত করেছিল। বাঙালি জাতীয়তাবাদ এক মহাকাব্য আর সেই মহাকাব্যের নায়ক ছিলেন বঙ্গবন্ধু। আমৃত্যু আপসহীন লড়াকু শেখ মুজিব বাঙালির ভালোবাসায় সিক্ত একটি নাম, শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির দিশারি, প্রতিবাদী ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি ছিলেন বীরত্ব, সাহস ও তেজস্বিতার স্বকীয় বৈশিষ্ট্যে জ্যোতির্ময় ব্যক্তিত্বের অধিকারী।

এবার ইউনেসকো বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায় এবারের বিজয় দিবসের উৎসব ভিন্ন মাত্রা পেয়েছে।

দখলদার পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয়। বিজয়ের ৪৭ বছরে এসে আজ পাকিস্তান থেকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকসহ নানা ক্ষেত্রেই অনেকটা এগিয়ে বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্ত থেকে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি আর প্রশংসা আসছে প্রতিনিয়ত। বিজয়ের এই মাসেই আমাদের অগ্রগতিকে 'উড়ন্ত সূচনা'র সঙ্গে তুলনা করে ৮ শতাংশ প্রবৃদ্ধিও যে অসম্ভব নয়, তা স্বীকারও করছে বিশ্বব্যাংক। এ অভূতপূর্ব এক অর্জন।

বিজয়ের ৪৭ বছরের মাথায় পদ্মা সেতুর মতো বিশাল অবকাঠামো প্রকল্প এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। বাস্তবায়ন শুরু হয়েছে নিজেদের অর্থায়নে, যা এখন দৃশ্যমান। মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাশিয়া দু'হাত প্রসারিত করেছিল যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ড পুনর্গঠনে। আজ সেই রাশিয়াই বাংলাদেশে গড়ে তুলছে রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র।

বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ পেতে প্রতিযোগিতায় নামে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার মতো দেশগুলো। আগামি মার্চে উৎক্ষেপণ হবে স্যাটেলাইট। গভীর সমুদ্রে বন্দর নির্মাণের কাজ পেতে মরিয়া হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, জাপানসহ নানা দেশ। বিশ্ব দরবারে স্বাধীন জাতি হিসেবে সম্মান বেড়েছে বহুগুণ। অগ্রযাত্রার এই সময়ে এসে ৪৭ বছর আগে বাংলাদেশের জন্য আত্মত্যাগ করা শহীদদের স্মরণ করছে পুরো জাতি।

বিজয় দিবস-রক্তস্নাত মহান বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় ক্ষণ।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের বিদেহী আত্মার চিরকল্যাণ কামনা করেছেন এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। সকাল ১০টায় তেজগাঁও পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমভিত্তিক প্রদর্শনী থাকবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.