Sylhet Today 24 PRINT

প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৭

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেই। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ-আল-হারুন।

ছায়েদুল হক আগস্ট মাস থেকে প্রোস্টেট গ্ল্যান্ডের সংক্রমণে ভুগছিলেন। বুধবার (১৩ ডিসেম্বর) থেকে তিনি বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মন্ত্রী ছায়েদুল হকের একমাত্র পুত্র ডাক্তার এ, এস, এম রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত। ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলাধীন পূর্বভাগ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জনগ্রহণ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ ছায়েদুল হক।

তার মাতা মরহুমা মেহের চান্দ বিবি ও পিতা মরহুম আলহাজ মোহাম্মদ সুন্দর আলী। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন ছায়েদুল হক। এছাড়া তিনি আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘদিন আইন পেশার সাথে যুক্ত ছিলেন ছায়েদুল হক। বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন ছায়েদুল হক। ১৯৬৫ থেকে ৬৬ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফায় অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা-আন্দোলনে অংশগ্রহণ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ছায়েদুল হক ভারতের ত্রিপুরায় অবস্থিত লেম্বুছড়া প্রশিক্ষণ ক্যাম্প থেকে অস্ত্র ও গোলাবারুদের ওপর প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন।

ছায়েদুল হক ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে মোট পাঁচবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

প্রথম, সপ্তম, অষ্টম, নবম ও দশম সংসদের সদস্য ছিলেন ছায়েদুল হক। তিনি বিভিন্ন সময়ে বাণিজ্য, অর্থ, সরকারি তহবিল ও বিশেষ বিষয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১০ম জাতীয় সংসদে নির্বাচিত হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন।

মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্টার সঙ্গে দায়িত্বপালন করেছেন ছায়েদুল হক। তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে নাসিরনগর ডিগ্রি কলেজ, চাতালপাড় ডিগ্রি কলেজ ও চাতালপাড় উচ্চবিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে অবদান রাখেন।

সরকারি সফরে ভারত, শ্রীলংকা,পাকিস্তান, ইন্দোনেশিয়া, কুয়েত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন ছায়েদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.